বগুড়া ব্যুরো :
তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশকে স্বাবলম্বী করে তোলার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের তরুণদের সঠিক পরিচর্যা ও সুযোগ করে দিলে ভিনদেশের ওপর নির্ভর করতে হবে না, বরং আমরা নিজেদের মেধা দিয়েই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারব।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক জাতীয় প্রতিযোগিতা ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬-এর রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বিশ্বাস করতেন ‘হোমগ্রোন প্রোডাক্ট ইজ দ্য বেস্ট প্রোডাক্ট’। তারই পদাঙ্ক অনুসরণ করে আমাদের তরুণ প্রজন্মকে কৃষিসহ বিভিন্ন খাতের গবেষণায় এগিয়ে নিতে হবে।
তিনি আরও বলেন, দেশ ওশিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত বাজেট বরাদ্দ নিশ্চিত করা সময়ের দাবি, যা গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন উদ্ভাবন ত্বরান্বিত করবে। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এর সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে এবং তাদের দোসররা পালিয়ে গেছে। এখন তারা কীভাবে পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চায়, তা দেশবাসীর প্রশ্ন। আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ প্রায় চৌদ্দশ শহীদ ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের চোখের সামনে অপরাধ করে পালানো ব্যক্তিরা কোনো ছাড় পেতে পারে না। বর্তমান অন্তর্বর্তীকালীন ও জনগণের সরকার আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
তিনি সায়েন্স এক্সিবিটেশনে অংশ নেওয়া তরুণ বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করে বলেন, এরাই হবে আমাদের আগামী দিনের আইনস্টাইন ও নিউটন। তাদের এই উদ্ভাবনী প্রতিভাই দেশকে এগিয়ে নেবে।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিজ্ঞানমেলার আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী। আরও বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিক, বিজ্ঞান মেলা ২০২৬ আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্য সচিব ডা. মোস্তফা আজিজ সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা।
আলোচনা সভার আগে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের তৈরি বিজ্ঞানভিত্তিক বিভিন্ন প্রকল্প ও উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শন করেন। বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলা এবং গবেষণামুখী চিন্তার বিকাশ ঘটানোর উদ্দেশ্যেই এই মেলার আয়োজন করা হয়।
আমন্ত্রণ/এজি
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশ গড়তে হবে-ইকবাল হাসান মাহমুদ টুকু
নভেম্বর ১০, ২০২৬






























