বিরামপুর (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের বিরামপুরে বিষ মিশিয়ে স্পিড পান করে শাহাদৎ হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। প্রায় এক মাস চিকিৎসাধীন থাকার পর গত ৭নভেম্বর বিকেল ৪টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে মারা যান তিনি।
এ ঘটনায় নিহতের নববধূ স্ত্রীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত শাহাদতের বাবা। সোমবার বিকেল পাঁচটার দিকে শাহাদত হত্যার সুষ্ঠ বিচার চেয়ে বিরামপুর পৌর শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।
সোমবার ৯নভেম্বর বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, গত ৪ নভেম্বর নিহতের বাবা জাকেরুল ইসলাম বাদী হয়ে থানায় মামলাটি করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। নিহত শাহাদৎ উপজেলার ৬নম্বর জোতবানী ইউনিয়নের ধনসাডাঙ্গা গ্রামের বাসিন্দা ।
মামলার আসামিরা হলেন নিহতের স্ত্রী তামান্না (১৯), শ্বশুর কামাল (৪৫), শাশুড়ি সুলতানা (৪২), শ্যালিকা কামরুন্নাহার আশা (২০) এবং হাবিবপুর বাজারের একটি কীটনাশকের দোকানের কর্মচারী মশফিকুর (২২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর শাহাদৎ ও তামান্নার বিয়ে হয়। ১১ অক্টোবর স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গেলে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় আসামিরা পরিকল্পিত ভাবে স্পিডের সঙ্গে বিষ মিশিয়ে শাহাদৎকে পান করান বলে অভিযোগ করেছেন তার বাবা।
এজাহারের অভিযোগ অনুযায়ী, মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে স্ত্রী তামান্না একটি বোতল থেকে শাহাদৎকে স্পিড পান করতে দেন। পরে বাড়িতে গিয়ে তিনি বমি ও পাতলা পায়খানায় অসুস্থ হয়ে পড়েন। অবস্থার অবনতি হলে তাঁকে প্রথমে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পরীক্ষায় তার শরীরে প্যারাকোয়াট বিষক্রিয়া শনাক্ত হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে তাকে ঢাকার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে আইসিইউতে চিকিৎসা শেষে আবার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজিদুল ইসলাম বলেন, গত ৭নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। আসামী গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমন্ত্রণ/এজি
বিরামপুরে বিষ মিশিয়ে স্পিড পানে যুবকের মৃত্যু, নববধূসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা, বিচারের দাবিতে বিক্ষোভসহ মানববন্ধন
নভেম্বর ৯, ২০২৬
































