মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক ও মানব পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) নিয়মিত অভিযান ও জোরদার গোয়েন্দা নজরদারির মাধ্যমে ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।
এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চান্দুরিয়া এবং গোবিন্দপুর বিওপি কর্তৃক ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ ও হরিপুর উপজেলাধীন সীমান্তবর্তী এলাকায় রাতব্যাপী পৃথক পৃথক চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ২৪০ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিক্রয় নিষিদ্ধ সিরাপের সিজার মূল্য ৭২ হাজার টাকা।
উদ্ধারকৃত মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি এসব অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির তৎপরতা কেবল নিয়মিত টহলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং গোয়েন্দা তথ্যনির্ভর পরিকল্পিত অভিযানও অব্যাহত রয়েছে। সীমান্তকে মাদক ও চোরাচালানমুক্ত রাখতে অপরাধীদের প্রতিটি তৎপরতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমন্ত্রণা/এজি
দিনাজপুর ৪২ বিজিবি’র অভিযানে পীরগঞ্জ ও হরিপুর সীমান্তে বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার
নভেম্বর ৯, ২০২৬
































