বগুড়া ব্যুরো :
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ করেছে বগুড়া মহানগরী জামায়াত। আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে বগুড়া আইন কলেজ মাঠে বগুড়া মহানগরীর আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও মহানগরীর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মহানগর নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, অ্যাডভোকেট শাহিন মিয়া, অ্যাডভোকেট নুরুল ইসলাম আকন্দ, মাওলানা আব্দুল হামিদ বেগ, অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক নেতা আজগর আলী, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।
অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল বলেন, সরকার ক্ষমতায় গিয়ে জ্বালানি তেলের আকাশচুম্বী মূল্যবৃদ্ধি করে সাধারণ মানুষের জীবনকে বিষিয়ে তুলেছে। তেলের দাম বাড়ানো মানে কেবল পেট্রল বা ডিজেলের দাম বৃদ্ধি পাওয়া নয়, এর সরাসরি প্রভাব পড়ে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ওপর। তেলের দাম বাড়ার সাথে সাথেই আজ সকাল থেকে বাজারে চাল, ডাল, তেল, শাকসবজিসহ প্রতিটি নিত্যপণ্যের দাম হু হু করে বেড়ে চলেছে। গণপরিবহন ও পণ্য পরিবহন ভাড়া এক লাফে ৫ থেকে ১০০ টাকা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ।
তিনি আরো বলেন, নির্বাচনের আগে সরকার বলেছে কৃষকবান্ধব সমাজ গড়বে। কিন্তু ক্ষমতায় গিয়ে তারা কৃষক সমাজ কে ধোকা দিয়েছে। সার সংকট ও ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জমি সেচ দিতে গিয়ে দিশেহারা হয়ে পড়ছে। সরকার জ্বালানি তেলের মুল্য বৃদ্ধি করে সামগ্রিক অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জ্বালানি খাতে সকল অব্যবস্থাপনা, অপচয় এবং দুর্নীতি বন্ধ না করে জনগণের ওপর এই অতিরিক্ত খরচের বোঝা চাপানো হচ্ছে। তিনি অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার না করলে জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। পরে আইন কলেজ হতে এক বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে পুলিশ প্লাজায় এসে শেষ হয়।
আমন্ত্রণ/এজি
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ সমাবেশ
সেপ্টেম্বর ২১, ২০২৬






























