গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি (দিনাজপুর) প্রতিবেদক :
দিনাজপুরের ঘোড়াঘাটে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী, আদিবাসী পরিবার ও শিক্ষার্থী এবং ক্যান্সার ও কিডনি রোগীদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
আজ শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
অনুষ্ঠানে ২০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে মোট ২০ লাখ ২০ হাজার টাকা, ৬৪ জন আদিবাসী পরিবার ও শিক্ষার্থীকে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ২৮ হাজার টাকা এবং ক্যান্সার ও কিডনি রোগে আক্রান্ত ১১ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। এছাড়া ৬০ জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, বিরামপুর ও নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. হারেজ উদ্দিন, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মো. শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
ঘোড়াঘাটে দরিদ্র-মেধাবী শিক্ষার্থী ও রোগীদের অনুদান, ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ
আগস্ট ২৮, ২০২৬
































