মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
‘রূপালি মাছে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রোববার (১৬ আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর দিনাজপুরের উদ্যোগে জাতীয় মৎস্য পক্ষ পালন করা হয়েছে।
এ উপলক্ষে ঐতিহাসিক জাতীয় উদ্যান রামসাগর দীঘিতে মৎস্য পোনা অবমুক্তকরণ, বর্ণাঢ্য শোভাযাত্রা ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর- ৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
স্থানীয় সরকার দিনাজপুর (উপ পরিচালক) শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম হাবিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আব্দুল হালিম, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. আফজাল হোসেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম প্রমুখ ।
স্বাগত বক্তব্য রাখেন জাতীয় মৎস পক্ষ-২০২৬ দিনাজপুর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা মৎস্য কর্মকর্তা মো.তারিফুর রহমান সরকার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক পূরবী রানী রায়।
অনুষ্ঠানে বক্তারা বলেন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে এবং নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে মৎস্য চাষের কোন বিকল্প নেই। পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।মা ও পোনা মাছ নিধন বন্ধ করতে হবে। এছাড়াও বক্তারা বলেন বিশ্বের প্রায় ৫২টি দেশে আমাদের মাছ রপ্তানি হয়ে থাকে।বিগত দিনে মাছ সরবরাহে অনিয়মের কারনে , অস্ট্রেলিয়াসহ অনেক দেশ ,এখন আমাদের কাছ থেকে মাছ সংগ্রহে আগ্রহ হারিয়ে ফেলেছে, এর ফলে আর্থিকভাবে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কৃষির এই সম্ভাবনাময় উৎস কে ভালোভাবে কাজে লাগাতে পারলে এবং মৎস্যচাষীদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের প্রশিক্ষণ দিতে পারলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে। সেই সাথে মাছের কৃত্তিম প্রজনন ও রাসায়নিক খাদ্য ব্যবহার থেকে বিরত থাকতে হবে। এসময় দিনাজপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বকর ছিদ্দিকসহ তিনজন সফল মৎস্য চাষীকে পুরস্কৃত এবং প্রধান অতিথি।কে সম্মাননা ক্রেস্ট প্রধান করা হয়।
এ সময় মৎস্যচাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আমন্ত্রণ/এজি
দিনাজপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ পালিত
আগস্ট ১৬, ২০২৬
































