আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় ঘরের বারান্দা থেকে নাম্মি আক্তার নিপা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় মরদেহের পাশেই কান্নারত অবস্থায় পড়ে ছিল তার তিন মাস বয়সী শিশু ছেলে নাহিদ। অভিযোগ উঠেছে, ঘটনার পর স্বামীসহ শ্বশুরবাড়ির সদস্যরা শিশুটিকে মরদেহের পাশে রেখেই বাড়ি ছেড়ে চলে যান।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার নিমগাছি ইউনিয়নের শিয়ালী গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে ধুনট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় তিন বছর আগে গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়নের বড়ইটালী গ্রামের লাল মিয়া প্রামাণিকের মেয়ে নাম্মি আক্তার নিপার সঙ্গে ধুনট উপজেলার শিয়ালী গ্রামের ফরহাদ মোল্লার ছেলে বাহাদুর মোল্লার বিয়ে হয়। বিয়ের পর থেকেই অভাব-অনটনকে কেন্দ্র করে তাদের দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগে থাকত। এরই মধ্যে তাদের সংসারে জন্ম নেয় তিন মাস বয়সী ছেলে নাহিদ।
জানা গেছে, গত ১৫ জুলাই সকালে বাহাদুর মোল্লা স্ত্রী ও সন্তানকে নিয়ে শ্বশুরবাড়িতে যান। সেখানে রেখে তিনি নিজ বাড়িতে ফিরে আসেন। পরদিন ১৬ জুলাই দুপুরে আবার শ্বশুরবাড়িতে গিয়ে বিকেলে স্ত্রী ও সন্তানকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন। ওইদিন সন্ধ্যার দিকে প্রতিবেশীরা নিপার পরিবারের সদস্যদের ফোন করে জানান, নিপা ঘরের বারান্দায় গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। একই সঙ্গে তারা আরও জানান, বাহাদুর মোল্লাসহ তার পরিবারের সদস্যরা তিন মাসের শিশুটিকে মরদেহের পাশে রেখে বাড়ি ছেড়ে চলে গেছেন।
খবর পেয়ে নিপার বাবা-মা ঘটনাস্থলে এসে কান্নারত শিশুটিকে উদ্ধার করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা জোলেখা বেগম বাদী হয়ে ধুনট থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার পর স্বামীসহ পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এজি
ধুনটে ঘরের বারান্দায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ, তিন মাসের শিশুকে রেখে উধাও স্বামী-পরিবার
জুলাই ১৭, ২০২৬
































