বগুড়া ব্যুরো:
বগুড়ার চিকিৎসক সামির হোসেন মিশুকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১ টার দিকে বগুড়ার শেরপুর উপজেলা সদরের মকটেল নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি। এছাড়াও তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। ডাক্তার মিশু বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়ায় গরীবের ডাক্তার বলেও পরিচিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ওসি এস এম মইনুদ্দিন জানান, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। তিনি তার ঘনিষ্ঠ একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চাইনিজ রেস্তোরায় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। ডাক্তার মিশু বাগেরহাট জেলায় কর্মরত রয়েছেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী জানিয়েছেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলার আসামি তিনি। তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার বিস্ফোরক মামলায় চিকিৎসক মিশু গ্রেপ্তার
জুন ২৪, ২০২৬
































