মো. ইউসুফ আলী, বিশেষ প্রতিবেদক, দিনাজপুর :
দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, আগামী জুন-জুলাই মাস থেকে প্রাথমিক স্কুলে বাংলাদেশের প্রায় ২ লাখ শিশুর মধ্যে পর্যায়ক্রমে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। উপকরণের মধ্যে থাকবে জুতো, স্কুল ব্যাগ এবং ইউনিফর্ম। পর্যায়ক্রমে দিনাজপুরের প্রতিটি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই সুবিধার আওতায় আসবে।
এমপি তাঁর ছোটবেলার কথা স্মরণ করে বলেন, তখনকার পরিবেশ অনেক সুন্দর ছিল। বিকেলে স্কুল ফাঁকি দিয়ে ফুটবল খেলার যে আনন্দ এবং প্রবণতা ছিল, তা বর্তমান সমাজে অনেকটা হারিয়ে গেছে। মানুষ এখন নিজেদের গুটিয়ে নিয়েছে।
তিনি বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অনুধাবন করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যে পদক্ষেপ নিয়েছেন, তার প্রশংসা করেন তিনি। বিশেষ করে “নতুন কুঁড়ি ২০২৬” বা এ ধরণের ক্রীড়া কর্মসূচি সারা দেশে প্রসারের মাধ্যমে শিশুদের বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে।
তিনি শিক্ষক ও অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, সন্তানরা বাড়ী থেকে বের হওয়ার পর ঠিকমতো ক্লাসে যাচ্ছে কি না এবং কোথায় যাচ্ছে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। শিশুদের সুন্দর পরিবেশে মানুষ করা এবং তাদের বিকাশে শিক্ষকদের অবদান অপরিসীম, তাই এই দায়িত্বটি আরও গুরুত্বের সাথে পালন করতে হবে। শিশুদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার কোনো বিকল্প নেই।
আজ শনিবার (১৬ মে) সকাল ১০ টায় দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তফিউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট (বালক-বালিকা)-২০২৬ এর উদ্বোধনী আনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি উপরোক্ত কথাগুলো বলেন।
উক্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. জেদান আল মুসা পিপিএম। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.এম শাহজাহান সিদ্দিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক শাহনাজ পারভীন শাপলা।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি, ক্রিয়া পতাকা উত্তোলন করেন বিশেষ অতিথি ও অনুষ্ঠানের সভাপতি। এছাড়াও বেলুন-ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম।
পরে উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন অতিথিবৃন্দ। উল্লেখ্য ১৬ মে থেকে ১৮ মে ২০২৬ পর্যন্ত উক্ত মাঠে দিনাজপুর জেলার ১৩টি উপজেলার বালকদল ও বালিকাদল সহ মোট ২৬ টি দল অংশগ্রহণ করছে।
এসময় সহকারী জেলা প্রাথমিক অফিসার মো. সাইফুজ্জামান, বিভিন্ন উপজেলার উপজেলা ও সহকারী উপজেলা শিক্ষা অফিসারবৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত খেলাটি পরিচালনা করেন ধারাভাষ্যকার এসএম রফিক। রেফারী হিসেবে ছিলেন শিক্ষক মো. ওবাইদুর রহমানসহ ৫জন।
আমন্ত্রণ/এজি


































