আব্দুর রাজ্জাক আশিক ধুনট, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
মাদকের টাকার জন্য বৃদ্ধ বাবাকে মারধর, বাড়িঘরে ভাঙচুর ও হত্যার হুমকির ঘটনায় বগুড়ার ধুনটে বিপ্লব শেখ (২৫) নামে এক মাদকাসক্ত যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ মে) বিকেল ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযুক্ত বিপ্লব শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
স্থানীয় সূত্র ও থানা পুলিশ জানায়, রঘুনাথপুর গ্রামের সোনার উদ্দিনের ছেলে বিপ্লব শেখ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। পেশায় কাঠমিস্ত্রি হলেও তিনি বিভিন্ন ধরনের মাদক সেবনে জড়িয়ে পড়েন। তার অন্তঃসত্ত্বা স্ত্রী ও একটি ছেলে সন্তান রয়েছে। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই মা-বাবার ওপর চাপ সৃষ্টি করতেন তিনি। টাকা না পেলেই পরিবারের সদস্যদের গালিগালাজ, মারধর ও বাড়িতে ভাঙচুর চালাতেন।
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে কয়েক মাস আগে তার মা ঢাকায় বড় ছেলের বাড়িতে চলে যান। একইভাবে নির্যাতন সহ্য করতে না পেরে অন্তঃসত্ত্বা স্ত্রীও ছোট সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। এরপর বৃদ্ধ বাবা একাই বাড়িতে বসবাস করছিলেন।
মঙ্গলবার দুপুরে বিপ্লব আবারও বাবার কাছে মাদক কেনার টাকা দাবি করেন। কিন্তু টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে তিনি বাড়িঘর ও আসবাবপত্র ভাঙচুর শুরু করেন। একপর্যায়ে বাধা দিতে গেলে বৃদ্ধ বাবাকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয় গ্রামবাসীর সহায়তায় বিপ্লবকে আটক করে রাখা হয়। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মাদকাসক্ত যুবক বিপ্লব শেখকে আদালতের নির্দেশে বুধবার বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।
আমন্ত্রণ/এজি
মাদকের টাকার জন্য তাণ্ডব: বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার হুমকি, যুবকের কারাদণ্ড
মে ১৩, ২০২৬
































