হিরেন্দ্রনাথ বর্মন হিরু, আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে নারীর নেতৃত্ব বিকাশ, অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও সামাজিক ক্ষমতায়ন জোরদারের লক্ষ্যে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৩ মে) সকাল ১১ টায় সিসিডিবি সংস্থার সমাজ আওয়াজ প্রকল্পের উদ্যোগে, কোডি ইনস্টিটিউট অব সেন্ট ফ্রান্সিস, জেভিয়ার ইউনিভার্সিটি এবং গ্লোবাল এ্যাফেয়াস কানাডার সহযোগিতায় উপজেলা কৃষি অধিদপ্তরের সভা কক্ষে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সিসিডিবি সংস্থার সমান আওয়াজ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মারিয়া সরকারের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন।
এতে প্রশিক্ষক হিসেবে অংশগ্রহণকারী নারীদের প্রশিক্ষণদান করেন সমান আওয়াজ প্রকল্পের ফুলবাড়ী এরিয়া ম্যানেজার মোছা. খাদিজা আক্তার তাকে সহযোগিতা করেন সংস্থার নবাবগঞ্জ এরিয়া ম্যানেজার মোছা মাহফুজা নাজনীন।
প্রশিক্ষণে স্থানীয় নারীনেত্রী, কমিউনিটি প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা নেতৃত্ব বিকাশ, কার্যকর যোগাযোগ, অধিকার সচেতনতা, স্থানীয়সরকারে নারীর অংশগ্রহণ এবং সামাজিক জবাবদিহিতা বিষয়ে ধারণা প্রদান করা হয়।
কর্মশালায় অংশগ্রহণকারী ২৫ জন দলীয় আলোচনা, অভিজ্ঞতা বিনিময় ও ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে নিজেদের নেতৃত্ব দক্ষতা উন্নয়নের সুযোগ পান।
কর্মশালায় বক্তারা বলেন, নারীদের দক্ষ নেতৃত্ব সমাজের টেকসই উন্নয়ন ও অংশগ্রহণমূলক সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে। নারীর ক্ষমতায়ন ও নেতৃত্ব বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
আমন্ত্রণ/এজি


































