আমন্ত্রণ ক্রীড়া ডেস্ক :
উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে বড় দুঃসংবাদ পেল বায়ার্ন মিউনিখ। পেশির চোটের কারণে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ফিরতি ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের উদীয়মান তারকা লেনার্ট কার্ল।
১৮ বছর বয়সী এই তরুণ স্ট্রাইকারের অনুপস্থিতি কোচ ভিনসেন্ট কোম্পানির জন্য বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে পরবর্তী ম্যাচটি।
সম্প্রতি বায়ার্ন মিউনিখের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে কার্লের ইনজুরির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবটি জানায়, পরীক্ষার পর লেনার্ট কার্লের ডান পায়ের থাইয়ের পেশিতে টিয়ার ধরা পড়েছে।
ক্লাবের মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই ফুটবলারকে অনির্দিষ্টকালের জন্য মাঠের বাইরে থাকতে হবে। ফলে রিয়ালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ডাগআউটে পাওয়ার কোনো সম্ভাবনা নেই।
চলতি মৌসুমে বায়ার্ন মিউনিখের ডাগআউটে ভিনসেন্ট কোম্পানি আসার পর থেকেই লেনার্ট কার্ল সেরা ফর্মে চলে আসেন। কোচের আস্থার প্রতিদান দিয়ে দলের আক্রমণভাগে নিজেকে অপরিহার্য করে তুলেছিলেন এই তরুণ তুর্কি।
দ্রুত গতি এবং গোল করার ক্ষমতার কারণে তাকে বর্তমান বায়ার্ন স্কোয়াডের অন্যতম ‘ট্রাম্প কার্ড’ মনে করছে কোচ।
তবে বায়ার্নের জন্য বড় স্বস্তি হলো প্রথম লেগের ফলাফল। রিয়াল মাদ্রিদের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগে ২-১ গোলে জয় পেয়েছিল বাভারিয়ানরা। ফলে ফিরতি লেগে নিজেদের মাঠ অ্যালেঞ্জ অ্যারেনাতে এক গোলের লিড নিয়ে মাঠে নামবে তারা।
রিয়ালের বিপক্ষে মাঠে নামার আগে বায়ার্নে বড় ধাক্কা
এপ্রিল ১২, ২০২৬
































