অমর চাঁদ গুপ্ত অপু :
দিনাজপুরের ফুলবাড়ীতে পাকিস্তানী খানসেনাদের পুতে রাখা মাইন বিষ্ফোরণে শহীদ ভারতীয় মিত্র বাহিনীর একজন ক্যাপ্টেনসহ পাঁচ সেনা সদস্যের সম্মানার্থে নির্মিত স্মৃতিস্তম্ভের লোহার অ্যাঙ্গেলের গ্রীল চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, গত সোমবার (২৯ এপ্রিল) রাতের যেকোনো সময়ে ছোট যমুনা নদীর পশ্চিম তীরবর্তী এবং ফুলবাড়ী সরকারি কলেজের পূর্ব প্রান্তে নির্মিত ভারতীয় মিত্র বাহিনীর স্মৃতিস্তম্ভে।
সরেজমিনে দেখা যায়, গত সোমবার (২৯ এপ্রিল) রাতের অন্ধকারে কে বা কারা শহীদ ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের সম্মানার্থে নির্মিত স্মৃতিস্তম্ভের প্রাচীর ও ইটের তৈরি পিলাই (খুঁটি) ভেঙ্গে লোহার অ্যাঙ্গেলের তৈরি গ্রীল খুলে চুরি করে নিয়ে গেছে। এতে অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে ভারতীয় মিত্র বাহিনীর ওই স্মৃতিস্তম্ভটি।
জানা যায়, প্রফেসর মো. নজমুল হক ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষের দায়িত্বে থাকাকালীন সময় অরক্ষিত অবস্থায় পড়ে থাকা শহীদ ভারতীয় মিত্র বাহিনীর সদস্যদের সম্মানার্থে নির্মিত স্মৃতিস্তম্ভটি সংস্কার করে কিছু অংশ ইটের দেয়াল ও পিলারসহ লোহার অ্যাঙ্গেলের গ্রীল দিয়ে বেড়া দিয়ে সংরক্ষণ করেন। পরবর্তীতে স্থানীয়ভাবে গড়ে ওঠা সামাজিক ও মানবিক সংগঠন আমরা করব জয় এর সদস্যরা সেটি সংস্কার পূর্বক সেখানে সাইনবোর্ড টানিয়ে দিয়ে গত ১০ ডিসেম্বর ওই শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
আমরা করব জয় সংগঠনের সভাপতি সাংবাদিক পস্নাবন শুভ বলেন, স্মৃতিস্তম্ভের ঘেরার গ্রীল চুরি হয়েছে এমন ঘটনা তাদের জানা নেই। তবে ঘটনাটি দুঃখজনক। গত বছর স্মৃতিস্তম্ভসহ আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করে ১০ ডিসেম্বর ৭১ এর শহীদ ভারতীয় মিত্র বাহিনীর স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদের এবং আমরা করব জয় সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
ফুলবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা। শহীদদের স্মৃতিস্তম্ভের ঘেরার গ্রীল চুরির ঘটনার সঙ্গে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
এ ব্যাপারে ফুলবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আহসান হাবীব ডিজু বলেন, কে বা কারা সোমবার (২৯ এপ্রিল) রাতে স্মৃতিস্তম্ভের লোহার গ্রীলটি চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে এবং স্মৃতিস্তম্ভটি পুনরায় সংস্কার পূর্বক প্রয়োজনীয় সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজার রহমান বলেন, বিষয়টি জানা নেই, তবে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল বলেন, এমন কোন তথ্য তার জানা নেই। তবে অধ্যক্ষ সাহেবের সঙ্গে কথা বলে থানায় জিডি দেওয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ৪ ডিসেম্বর ফুলবাড়ী হানাদার খানসেনা মুক্ত হওয়ার পর ফুলবাড়ীকে নিয়ন্ত্রণ নেয় বীর মুক্তিযোদ্ধারা এবং ভারতীয় মিত্র বাহিনীর সেনা সদস্যরা। ১০ ডিসেম্বর ভারতীয় সেনাবাহিনীর ক্যাপ্টেন অশোক কুমার ক্ষেরের নেতৃত্বে পাঁচজন ভারতীয় সেনা সদস্য জীপ গাড়িতে টহল দেওয়ার সময় পাকিস্তানী খানসেনাদের পুতে রাখা মাইন বিষ্ফোরণে জীপ গাড়িটি উড়ে যায়। এতে মিত্র বাহিনী ওই ক্যাপ্টেনসহ পাঁচ সেনা সদস্য ঘটনাস্থলেই শহীদ হন। পরে তাদেরকে ফুলবাড়ী সরকারি কলেজের পূর্ব প্রান্তে ছোট যমুনা নদীর পশ্চিম তীরে শেষকৃত্য সম্পন্ন করা হয়। ওই সময় স্থানীয় মুক্তিযোদ্ধাদের সহযোগিতায় ভারতীয় মিত্র বাহিনীর শহীদদের সম্মানার্থে ফুলবাড়ী সরকারি কলেজের পূর্ব প্রান্তে ছোট যমুনা নদীর পশ্চিম পার্শ্বে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। দীর্ঘদিন পর হলেও কলেজের তৎকালীন অধ্যক্ষ প্রফেসর মো. নজমুল হকের প্রচেষ্ঠায় শহীদ স্মৃতিস্তম্ভটি সংস্কার পূর্বক ইটের পিলার দিয়ে বেড়াঘেরাসহ লোহার অ্যাঙ্গেলের গ্রীল দিয়ে সংরক্ষণ করা হয়। এরপর থেকে শ্রদ্ধাঞ্জলিও নিবেদন করা হয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবিশেষের পক্ষ থেকে।
ফুলবাড়ীতে ৭১ এর মুক্তিযুদ্ধে শহীদ ভারতীয় মিত্র বাহিনীর সেনা সদস্যদের স্মৃতিস্তম্ভের গ্রীল চুরি
মে ২, ২০২৪


































