পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক :
তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে ট্যাংক লরি শ্রমিক ইউনিয়ন।আজ রোববার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপোর সব কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি শুরু করেন শ্রমিকরা। এতে একাত্মতা প্রকাশ করেছে পেট্রল পাম্প মালিক সমিতি।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর যমুনা কম্পানি থেকে জ্বালানি তেল নিয়ে নীলফামারীর যাচ্ছিল একটি লরি। পথে তেলবাহী লরির যান্ত্রিক ত্রুটি (ডায়নামার সমস্যা) দেখা দিলে সেখানে গাড়ির কেবিন খুলে কাজ করছিলেন শ্রমিকরা।
এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূঁইয়া তেল চুরির অভিযোগ এনে পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর ব্যবস্থাপক একরামুল হক, চালক শ্রীকৃষ্ণ এবং চালকের সহকারী রিফাতকে ছয় মাসের কারাদণ্ডসহ তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। ওই ঘটনার প্রতিবাদে আজ (রবিবার) সকাল থেকে ট্যাংকলরি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন।
আজ রোববার (২৯ মার্চ) সংবাদ লেখার সময় পর্যন্ত কর্মবিরতি চলছিল।
এ ব্যাপারে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান বলেন, অবিলম্বে জেল হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির পাশাপাশি অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূঁইয়াকে অপসারণ করা না হলে কর্মসূচি অব্যাহত থাকবে। সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ করারও দাবি জানান তিনি।
এদিকে শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে।
পার্বতীপুর মর্ডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। খুব দ্রুত সমস্যার সমাধান হবে আশা করছি।


































