দিনাজপুর প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে অসহায় নারী-পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন (গভ. রেজি. নং-১৩২৭৬) এর দিনাজপুর জেলা শাখা।
রোববার (১৬ মার্চ) দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান গুণীজন লাল মিঞা।

সংগঠনের পক্ষ থেকে প্রতিটি পরিবারের জন্য প্রস্তুত করা ইফতার প্যাকেটে ছিল তিন প্যাকেট বনফুল লাচ্ছা সেমাই, আধা কেজি চিনি, একটি কোকোলা নুডলস, দুটি দুধের প্যাকেট ও আড়াইশ গ্রাম মুড়ি।
এ সময় প্রধান অতিথি গুণীজন লাল মিঞা উপস্থিত অসহায়দের মাঝে জনপ্রতি ১০০ টাকা করে নগদ উপহার প্রদান করেন। বক্তব্যে তিনি বলেন, সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মানুষে মানুষে সহমর্মিতা ও সহযোগিতার মনোভাব বাড়াতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।
তিনি আরও বলেন, পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো না কোনোভাবে অসহায়। কেউ স্বচ্ছলভাবে জীবনযাপন করেন, আবার কেউ কষ্ট করে চলেন। যারা কষ্টে জীবনযাপন করেন, তারা আল্লাহর বিশেষ মেহমান। আল্লাহ নিজে কিছু করেন না, বরং মানুষের মাধ্যমে মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। তিনি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সংগঠক লুৎফর রহমান, ঔপন্যাসিক লায়লা চৌধুরী, কবি ইয়াসমিন আরা রানু, সংগঠক হাফিজা হাসু, সংগঠক ও স্বেচ্ছাসেবক আব্দুল কাদের, সংগঠনের দিনাজপুর জেলা শাখার সভাপতি রোজিনা খাতুন ও সাধারণ সম্পাদক মেহেনাজ পারভীন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ওসমান গনির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সমাপনী ঘোষণা করেন দিনাজপুর জেলা শাখার সভাপতি রোজিনা খাতুন।
দিনাজপুরে অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
মার্চ ১৬, ২০২৬


































