মোবাইল কোর্ট অভিযানে ড্রেজার জব্দ ও পাইপ ধ্বংস
আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলা-য় ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন। গোলাম মোহাম্মদ সিরাজ এমপির নির্দেশনায় পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে এবং বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ভেঙে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযোগ রয়েছে, স্থানীয় এক বিএনপি নেতা মাসুদ হোসেন তার সহযোগীদের নিয়ে ড্রামের নৌকা তৈরি করে তার ওপর ড্রেজার মেশিন স্থাপন করেন। পরে পাইপের মাধ্যমে নদীর পূর্ব তীরে বালু ফেলে তা ট্রাকে করে বিভিন্ন এলাকায় বিক্রির প্রস্তুতি চলছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি তীরভাঙনের ঝুঁকি বাড়ছে। ফসলি জমি বিলীন হওয়ার আশঙ্কা এবং গ্রামীণ সড়ক ভারী যানবাহনে ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কায় এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে ড্রেজার মেশিন জব্দ এবং পাইপলাইন ভেঙে অকেজো করে দেওয়া হয়েছে। পাশাপাশি বিষয়টি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড-কে অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতে যেন পুনরায় বালু উত্তোলন না হয় সে বিষয়ে নজরদারি জোরদার করা হয়েছে।
এছাড়াও চিকাশি ইউনিয়নের চাপড়া এলাকায় আরেকটি অবৈধ বালু উত্তোলন পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। কোনো প্রভাবশালী মহল আইন অমান্য করলে ছাড় দেওয়া হবে না।
এলাকাবাসী প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নদী রক্ষা ও কৃষিজমি সংরক্ষণে নিয়মিত নজরদারি বজায় রাখার দাবি জানিয়েছেন।
আমন্ত্রণ/এজি


































