বগুড়া ব্যুরো :
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ নিহত হওয়ার প্রতিবাদে এবং ইরানে অবৈধ সামরিক অভিযানের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩ মার্চ) জোহরের নামাজ শেষে শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ থেকে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউস মোড় হয়ে সাতমাথায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী বিভিন্ন স্লোগান দেন।সমাবেশে বক্তব্য রাখেন ইমামিয়া জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, মাওলানা শলিফুল ইসলাম, শাহিনুর রহমান, মজনু আহম্মেদ, জিল্লু আহম্মেদ প্রমুখ।
সাতমাথায় অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, আয়াতুল্লাহ খামেনি ছিলেন মুসলিম উম্মাহর একজন বলিষ্ঠ অভিভাবক এবং সাম্রাজ্যবাদবিরোধী লড়াইয়ের অন্যতম কণ্ঠস্বর। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করে মধ্যপ্রাচ্যে অশান্তির নতুন বীজ বপন করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, সারা বিশ্বে মুসলিমদের ওপর নির্যাতনের পেছনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রত্যক্ষ হাত রয়েছে।
সমাবেশে আরও বলা হয়, ইসরায়েল বর্তমানে অত্যন্ত চতুরতার সঙ্গে মধ্যপ্রাচ্যে বিভেদ সৃষ্টি করছে। তারা চাইছে ইরান ও সৌদি আরবের মধ্যে ভ্রাতৃঘাতী যুদ্ধ বাধিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতে। বক্তারা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ইরানের ওপর চালানো এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান। পরে ইসরাইলী পতাকায় আগুন দেয়া হয়।
আমন্ত্রণ/এজি
বগুড়ায় ইরানে হামলা ও খামেনি হত্যার প্রতিবাদে বিক্ষোভ
মার্চ ৩, ২০২৬
































