দৈনিক আমন্ত্রণ ডেস্ক :
ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ দফায় সারা দেশে মোট ৮৯টি আসনে ভোট চলছে। এর আগে ১৯ এপ্রিল প্রথম দফায় ১০২ আসনে ভোট গ্রহণ করা হয়। শুক্রবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়।
দ্বিতীয় দফায় পশ্চিমবঙ্গের ৩ আসনে ভোট রয়েছে। রাজ্যটির রায়গঞ্জ, বালুরঘাট ও দার্জিলিংয়ে ভোটগ্রহণ চলছে। এ ছাড়া ভোট হচ্ছে আসাম, বিহার, ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মণিপুর, রাজস্থান, ত্রিপুরা, উত্তরপ্রদেশ, জম্মু ও কাশ্মীর ও মহারাষ্ট্রে।
আসামের ৫, বিহারের ৫, ছত্তিশগড়ের ৩, কর্ণাটকের ১৪, কেরালার ২০, মধ্যপ্রদেশের ৭, রাজস্থানের ১৩, ত্রিপুরার ১, উত্তরপ্রদেশের ৮, মণিপুরের ১, জম্মু ও কাশ্মীরের ১ ও মহারাষ্ট্রের ৮ আসনে ভোট হচ্ছে।
মণিপুরে মোট ২টি লোকসভা আসন। ইনার মণিপুর ও আউটার মণিপুর। নির্বাচন কমিশন আউটার মণিপুরকে ভাগ করে দুই দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আউটার মণিপুরের একাংশে ভোট হয়েছে ১৯ এপ্রিল। বাকি অংশে ভোটগ্রহণ হচ্ছে আজ।
জানা গেছে, ভারতের ৮৯ আসনে সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। অশান্তি এড়াতে বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা আঁটসাঁট করেছে নির্বাচন কমিশন। ৪ জুন ভোটের গণনা ও ফল ঘোষণা হবে।
এদিকে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ২৬ হাজার চাকরি বাতিলের রায় নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আদালত জানিয়েছেন, ঘোষিত শূন্যপদে নতুন করে নিয়োগপ্রক্রিয়া শুরু করতে হবে। চাকরিহারাদের মধ্যে অনেক যোগ্য প্রার্থীও রয়েছেন। মামলার সঙ্গে জড়িত মূল মামলাকারীদের আইনজীবীদের বক্তব্য, হাইকোর্টে যোগ্যদের তালিকা জমা না দেওয়ার কারণেই তাদেরও চাকরি বাতিল করা হয়েছে। যদিও ওই দাবি অস্বীকার করেছে এসএসসি। এ অবস্থায় চাকরি বাতিল নিয়ে বিতর্ক অব্যাহত। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছে রাজ্য সরকার। সেখানে এখনও মামলার শুনানির দিন ধার্য হয়নি।


































