বগুড়া ব্যুরো:
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. এবিএম ওবাইদুল ইসলাম বলেছেন, বাংলাদেশ নামক দেশটি পৃথিবীর মানচিত্রে জায়গা পেত না, যদি না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম হতো। শহীদ জিয়াউর রহমান এদেশকে স্বাধীন ঘোষণা করে যুদ্ধে গিয়েছেন। অনেকে সুটকেস নিয়ে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে ছিল। যুদ্ধের পর তিনি ব্যারাকে ফিরে যান। পরে ১৯৭৫ সালের সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে তিনি এদেশের দায়িত্ব গ্রহণ করেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ টিটু মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৯০তম জন্মবার্ষিকীতে এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা বিএনপি আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
প্রধান অতিথি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এদেশের মানুষকে বাকস্বাধীনতা দিয়েছেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন।প্রফেসর ড. এবিএম ওবাইদুল ইসলাম বলেন, শহীদ জিয়ার জন্মভূমি বগুড়া। এই বগুড়ায় এসে আমি নিজেকে ধন্য মনে করছি। ধন্য এ কারণে শহীদ জিয়া সম্পর্কে দুটো কথা বলতে পেরে। আমি আরও ধন্য কারণ বগুড়া-৬ আসনের যিনি প্রার্থী তিনি শহীদ জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালু, কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী আজগর তালুকদার হেনা ও জয়নাল আবেদীন চাঁন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. লুৎফর রহমান, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা বিএনপির উপদেষ্টা প্রফেসর ড. মোহাঃ হাছানাত আলী, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্বিবদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আবুল হাসনাত মোঃ শামিম, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. ইঞ্জি: আখতার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের প্রফেসর আব্দুল করিম পিএইচডি।
আলোচনাসভাটি সঞ্চালনা করেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাসার ও শহীদ উন নবী সালাম।
আমন্ত্রণ/এজি
শহীদ জিয়ার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে দেশটি জায়গা পেত না _ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এবিএম ওবাইদুল ইসলাম
জানুয়ারি ২০, ২০২৬
































