প্রমথেশ শীল, দিনাজপুর :
কড়া পাঠশালার উদ্যোগে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শনিবার দিনব্যাপী বিভিন্ন খেলায় অংশ নেন কড়া পাঠশালা ও আশপাশের গ্রামের শিশুসহ সকল বয়সী আদিবাসী নারী-পুরুষ।
দিনাজপুর জেলায় বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামে দেশের ক্ষুদ্রতম আদিবাসী জনগোষ্ঠী ‘কড়া’দের আবাসস্থল। স্বেচ্ছাসেবী সংস্থা ‘ভাবনা’ (সমজা ও মানবিক বিকাশ) পরিচালিত পাঠসহায়ক (প্রি-স্কুল) বিদ্যালয় ‘কড়া পাঠশালা’।
আজ শনিবার (১৭ জানুয়ারি) সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ভাবনার নির্বাহী পরিচালক মো. মুস্তাফিজুর রহমান রূপম। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা ভেটেরেনারি কর্মকর্তা ভাবনার উপদেষ্টা ড. আশিকা আকবর তৃষা, বিরল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজুল ইসলাম, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক সজিব কুমার রায়, কর আইনজীবী দুর্যোধন রায় দুর্জয়, ব্র্যাক ব্যাংক সেতাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম লিটন, গ্রামের মাহাতো (গ্রাম-প্রধান) যোগেন কড়া, সাংবাদিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাবনার সমন্বয়ক প্রমথেশ শীল প্রমুখ।
বক্তারা বলেন, কড়া পাঠশালার পাঠসহায়ক কর্মসূচির পাশাপাশি এমন খেলাধুলার আয়োজন খুবই প্রশংসাযোগ্য। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়ালেখার পাশাপশি নিয়মিত খেলাধুলা করা জরুরি। উত্তরবঙ্গের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর সহায়তায় সমাজের বিত্তবানরা এগিয়ে এলে এরা একদিন পড়ালেখা এবং খেলাধুলায় বিশ্বজয় করতে পারবে।
দিনব্যাপী খেলাগুলোর মধ্যে ছিল বিস্কুট দৌড়, বুদ্ধি পরীক্ষা, বালিশ বদল, অংক দৌড়, চেয়ার চক্র, ফুলের নাম (এক মিনিট), সুই-সুতা দৌড়, ২০০ মিটার দৌড়, বেলুন ফাটানো, মোরগ লড়াই, পুকুর-পাড়, হাড়ি ভাঙা, মোরগ লড়াই (ছেলে/মেয়ে) প্রভৃতি। প্রতিটি খেলায় শিশুসহ সকল বয়সী আদিবাসী নারী-পুরুষ স্বতঃস্ফ‚র্তভাবে অংশ নেন।
খেলা শেষে বিজয়ীসহ সবার হাতে পুরস্কার ও শিশুদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এছাড়া শিশুদের জন্য গাজীপুরের হোসেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পাঠানো ৫০ টি কম্বল আদিবাসী কড়া শিশুদের মাঝে বিতরণ করা হয়।
আমন্ত্রণ/এজি


































