আজহারুল আজাদ জুয়েল, দিনাজপুর :
স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম শহীদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রনেতা, দিনাজপুরের কৃতি সন্তান শহীদ শাহজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) ছিল শহীদ শাহজাহান সিরাজের ৪১ তম মৃত্যুবার্ষিকী।
১৯৮৪ সালের এই দিনে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন। এ উপলক্ষে শহীদ শাহজাহান সিরাজ স্মৃতি সংসদের পক্ষ হতে দিনাজপুর সদর উপজেলার গোদাগাড়ী এলাকায় অবস্থিত শহীদ শাহজাহান সিরাজের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুলতান কামাল উদ্দিন বাচ্চুর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণকালে শহীদ শাহজাহান সিরাজের ছোট ভাই অ্যাডভোকেট নাজমুল হক, নজরুল সংগীত শিল্পী নজরুল ইসলাম, শাজাহান সিরাজের ঘনিষ্ঠ সহচর আব্দুল হান্নান, দিনাজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি, লেখক-গবেষক আজহারুল আজাদ জুয়েল, শিল্পী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার রায়, বিশিষ্ট কবি ও পাতা সাহিত্য সম্পাদক ওয়াসিম আহমেদ শান্ত, কবি ও কবিতার ভাঁজপত্র সম্পাদক তুষার শুভ্র বসাক, লোক গানের শিল্পী নুরুল ইসলাম বাবু, যুব নেতা অমৃত রায় সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনের আগে শাহজাহান সিরাজকে নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সুলতান কামাল উদ্দিন বাচ্চু ও শহীদের ভাই অ্যাডভোকেট নাজমুল হক।
সুলতান কামাল উদ্দিন বাচ্চু বলেন, শাহজাহান সিরাজ যেদিন গুলিবিদ্ধ হয়েছিলেন সেদিনই তার বাড়িতে ফিরে আসার কথা ছিল। কারণ তার লেখাপড়ার পাঠ সমাপ্ত হয়ে গিয়েছিল। কিন্তু তখন স্বৈরাচার বিরোধী আন্দোলন প্রবল হয়ে উঠেছিল, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন শাহজাহান সিরাজ। তাই তার সহকর্মীরা বলছিলেন, আপনি চলে গেলে আন্দোলনের নেতৃত্ব দেবে কে। সহকর্মীদের চাপে তিনি বিশ্ববিদ্যালয়ে থেকে যান এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। ফলশ্রুতিতে তার জীবন কেড়ে নেয়া হয় । কিন্তু যে গণতন্ত্রের কারণে তিনি শহীদ হয়েছিলেন সেই গণতন্ত্র আজও বাস্তবায়িত হয় নাই। সত্যিকারের গনতন্ত্র ফিরে না আসা পর্যন্ত শাহজাহান সিরাজের আত্মা শান্তি পাবে না । তাই গণতন্ত্রকামী সকল মানুষের ঐক্য দরকার যেন বাংলাদেশ সত্যিকার অর্থেই গণতান্ত্রিক দেশ হয়ে উঠতে পারে।
আমন্ত্রণ/এজি


































