বগুড়া ব্যুরো ও আদমদীঘি প্রতিবেদক :
বগুড়ার দুপচাঁচিয়ায় লোটো শোরুমের মালিক পিন্টু আকন্দ(৩৫) কে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পিন্টু আকন্দ নওগাঁর রানীনগর থানার লোহাচড়া গ্রামের বাসিন্দা। সোমবার (২২ ডিসেম্বর) রাতের কোনো একসময় আদমদীঘি উপজেলার শালগ্রাম কোমরপুর এলাকায় হত্যা করে মাইক্রোবাসসহ ফেলে রেখে যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে দুপচাঁচিয়া উপজেলা সদরে তার ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৪-৫ জনের একদল দুর্বৃত্ত সাদা রংয়ের মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়। পরে আদমদীঘি উপজেলার শালগ্রাম কোমরপুর এলাকায় হত্যা করে মাইক্রোবাসসহ ফেলে রেখে যায়। তিনি দুপচাচিয়া উপজেলা সদরে সিও অফিস বাস স্ট্যান্ড সংলগ্ন বাজারে লোটো নামের শোরুম দিয়ে ব্যবসা করে আসছিলেন। ব্যবসায়ী হত্যার ঘটনায় মাইক্রোবাসের চালক সানোয়ার হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত সানোয়ার দুপচাঁচিয়া উপজেলার সাজাপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
আদমদীঘি সার্কেলের সহকারী পুলিশ সুপার আসিফ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান ও দুপচাচিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় অফিসারসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
আমন্ত্রণ/এজি
বগুড়ার লোটো শোরুমের মালিককে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা
ডিসেম্বর ২৩, ২০২৫


































