বগুড়া ব্যুরো:
বগুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা লিটন আজমকে বহিষ্কার করা হয়েছে।লিটন আজম শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং ঝাঁজর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
রোববার (২৪ আগস্ট) রাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে বহিষ্কার করেছে বিএনপি। প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন। উপজেলার খামারকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি কায়কোবাদ সোমবার জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর আগেও অনিয়মের কারণে তাকে মৌখিকভাবে দলীয় কার্যক্রম থেকে বরখাস্ত করা হয়েছিল।
নিজের অবস্থান ব্যাখ্যা করে লিটন আজম বলেন, ‘আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি প্রতিহিংসার শিকার।’
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামীর বন্ধু হওয়ায় লিটন প্রায়ই তাদের বাড়িতে যেতেন। এক পর্যায়ে তিনি ওই বন্ধুর স্ত্রীকে কু-প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২১ আগস্ট রাত ১০টার দিকে গৃহবধূর শয়নকক্ষে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে লিটন পালিয়ে যান। পরে শনিবার (২৩ আগস্ট) ওই নারী বাদী হয়ে থানায় অভিযোগ দাখিল করেন।
শেরপুর থানার ওসি এসএম মুঈনদ্দিন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
আগস্ট ২৭, ২০২৫
































