বগুড়া ব্যুরো:
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপি কতো ভাল দল, কতো মন্দ দল তা নিয়ে আলোচনা করছি না। কিন্তু আমরা চাই বিএনপি ভালো হোক। বিএনপি ভালো হলে দেশের ভাল। যেভাবেই বলেন বিএনপি ক্ষমতায় যেতে পারে যদি নির্বাচনে জেতে। প্রতিদ্বন্দ্বিতায় তারা অনেক বড় দল। কিন্তু আমরাই বিএনপিকে বলছি তোমরা ভাল হয়ে যাও। দলটা আরও ভাল হোক। তারেক রহমান যখন বলেন- রাজনীতি ভাল হতে হবে। রাজনীতিক নেতৃত্ব আরও ভাল হতে হবে। নেতাদের আরও ভাল মানুষ হতে হবে। তখন বলি ভাল কথা বলেছেন। আমি বিএনপিনেতাদের বলি ওনার কথা মানেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রায়নগরের মসলা গবেষণা কেন্দ্রের হলরুমে উপজেলা নাগরিক ঐক্য, যুব ও ছাত্র ঐক্যের যৌথ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবগঞ্জ উপজেলা নাগরিক ঐক্যের আহবায়ক শহিদুল ইসলাম সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল রাজ্জাক তালুকদার।
মাহমুদুর রহমান মান্না বলেন, আমার দল এখন নিবন্ধিত। টিকিট আমি নিজেই দিতে পারি। আমি চাইলে ৩০০ আসনে টিকেট দিতে পারি। আমি ৩০০ আসনে নির্বাচন করবো সেই কথা বলিনি। কেন। কারণ এই ১৫ বছর ধরে লাগাতার একসঙ্গে আন্দোলন করেছি-বলছি একসঙ্গে দেশ গড়ব, দেখি তারা কোথায় দাঁড়ায়। দেখি তাদের আচরণ কেমন হয়। দেখি তারা কী করে।
বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন -বগুড়া জেলা নাগরিক ঐক্যে সমন্বয়ক সাইদুর রহমান সাগর, উপজেলা নেতা-যুগ্ম আহবায়ক এনামুল সরকার, যুব ঐক্যের আহবায়ক অমিত হাসান, ছাত্র ঐক্যের সভাপতি তুষার, এবং পৌরসহ বারটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক।
মান্না আরও বলেন, সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের একটি উদাহরণ তৈরি করতে হবে। বিগত যে তিনটি নির্বাচন হয়েছে একটি আমি-তামি নির্বাচন একটি নিশিরাতের নির্বাচন আরেকটা গা জুরি নির্বাচন। কোনো নির্বাচনেই জনগণের রায় প্রতিফলন হয়নি। এইবার এরকম একটি নির্বাচন করতে হবে যেই নির্বাচন সবার কাছে গ্রহণযোগ্য হবে। মানুষ যাকে ইচ্ছা তাকে ভোট দেবে কেউ বাধা দেবে না।
আমন্ত্রণ/এসিজি
বিএনপিকে আমরাই বলছি তোমরা ভাল হয়ে যাও-মান্না
আগস্ট ২৭, ২০২৫
































