দৈনিক আমন্ত্রণ খাগড়াছড়ি প্রতিবেদক:
পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণের জন্য সামাজিক উৎসবে মেতে উঠেছেন দেশের ত্রিপুরারা। তাদের প্রধান সামাজিক উৎসব বৈসু উপলক্ষে খাগড়াছড়িতে আজ বুধবার শুরু হয়েছে বর্ণিল আয়োজন।
এদিন সকালে খাগড়াছড়ি টাউন হল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি সম্প্রীতি, উন্নয়ন ও শান্তির ধারা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে সবার প্রতি আহ্বান জানান।
পরে বেলুন উড়িয়ে বৈসু উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা উদ্বোধন করেন। সেটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ত্রিপুরা সংসদের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উৎসবে আরও অংশ নেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান,পুলিশ সুপার মুক্তা ধর, পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহসভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা পরিষদ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা ও শতরুপা চাকমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সভাপতি জীতেন বড়ুয়া ছাড়াও প্রশাসনের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও ত্রিপুরা সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ।
আগামী ১২ এপ্রিল পাহাড়ি জাতিগুলোর প্রাণের উৎসব বৈসাবি শুরু হবে। অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে ত্রিপুরারা বৈসুমা, হারি বৈসু ও বিসিকাতাল নামে তিনদিনের বৈসু উৎসব পালন করবে।
এক বছরের অপেক্ষা শেষে আসে বৈসু শোভাযাত্রা। বুধবারের আয়োজনে নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকের শোভিত হয়ে অংশ নেন। বিশেষ করে শোভাযাত্রাকে রঙিন করে তোলেন তরুণ-তরুণী ও শিশুরা। এ সময় ঐতিহ্যবাহী গরয়া ও ত্রিপুরা নাচও পরিবেশিত হয়।


































