আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জাহাঙ্গীর আলম (৪৫) নামের আওয়ামী লীগের এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টার দিকে ধুনট থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠায়।
গ্রেফতার জাহাঙ্গীর আলম উপজেলার ধামাচামা গ্রামের আব্দুল লতিফের ছেলে এবং নিমগাছি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন সন্ধ্যায় ধুনট পৌর এলাকার পশ্চিম ভারনশাহী গ্রামে বিএনপির দলীয় কার্যালয়ে একটি কর্মীসভা চলছিল। এ সময় স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী সংঘবদ্ধভাবে কার্যালয়ে ককটেল নিক্ষেপ ও ভাঙচুর চালায়। ঘটনার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও ২০২৪ সালের ২৬ জানুয়ারি শ্রমিকদল নেতা আশাদুল ইসলাম বাদী হয়ে ধুনট থানায় মামলা দায়ের করেন।
মামলায় যুবলীগ ও ছাত্রলীগের ৭৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়। দীর্ঘ তদন্ত শেষে জাহাঙ্গীর আলমকে ওই মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, “ককটেল হামলা ও ভাঙচুরের মামলায় জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও জানান, রাজনৈতিক সহিংসতার ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলস কাজ করছে।
আমন্ত্রণ/এসিজি


































