আব্দুর রাজ্জাক আশিক, ধুনট (বগুড়া) প্রতিবেদক :
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির মিছিলে ককটেল হামলা, ব্যানারে অগ্নিসংযোগ ও যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা ২টি মামলায় আল আমিন তরফদার (৫২) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার (১৬ জুলাই) দুপুর ২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। আল-আমিন তরফদার ধুনট পৌর এলাকার জিঞ্জিরতলা গ্রামের আজাহার আলী তরফদারের ছেলে। সে পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক কাউন্সিলর ছিলেন। এরআগে মঙ্গলবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২১ ডিসেম্বর বিএনপির নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল শেষে পথসভা করতে থাকেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে বিএনপির পথসভায় ককটেল হামলা ও ব্যানারে অগ্নিসংযোগ করে উল্লাস করে তারা। এ ঘটনায় ১৮ অক্টোবর উপজেলা জাতীয়তাবাদি সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুন-নবী তালুকদার বাদি হয়ে মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী ও ৬ শিক্ষক সহ ৮১ জনকে আসামি করা হয়েছে।
এছাড়া ১৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে ১৯ ফেব্রæয়ারী থানায় মামলা দায়ের করে। ওই মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৯৬ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। পৃথক এ দু’টি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আল-আমিন তরফদারকে গ্রেফতার করা হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি


































