গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ প্রতিবেদক :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে গাঁজাসহ রেজাউল করিম মন্ডল (৫২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী রেজাউল ওই গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর ইনজামামুল আলম ও ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমের নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল আজ শনিবার (২৮ জুন) ভোরে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের চিহ্নিত মাদক কারবারি রেজাউল করিমের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার নিজ শয়ন কক্ষ থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, চিহ্নিত মাদক কারবারি রেজাউলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































