সেই সঙ্গে কলেজ ছাত্রদল সভাপতির পদ হারাল শাকিল
বগুড়া ব্যুরো:
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনে বগুড়ায় ২৪৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়াও অসুদপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত একযোগে বাংলা (আবশ্যিক) ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।বহিষ্কৃত ওই শিক্ষার্থীর নাম ফিরোজ আহম্মেদ শাকিল। তিনি নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি।
শাকিল বগুড়ার মনসুর হোসেন ডিগ্রি কলেজ থেকে নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নিয়েছেন। পরীক্ষা কেন্দ্রে এমসিকিউ এর উত্তরপত্র দেরি করা ও ইনভিজিলেটরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করায় ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। নন্দীগ্রাম সরকারি মহিলা কলেজ কেন্দ্রের সচিব ওসমান গনি সরকার বেলাল বহিষ্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষ পরিদর্শকের সঙ্গে দুর্ব্যবহার করায় তাকে বহিষ্কার করা হয়েছে।
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে জাতীয়তাবাদী ছাত্রদল নন্দীগ্রাম উপজেলা শাখার অধীনস্থ নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি পদ থেকে ফিরোজ আহম্মেদ শাকিলকে বহিষ্কার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিলকে সাংগঠনিক সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ এ সিদ্ধান্ত অনুমোদন করেন।
নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে বহিষ্কার করা হয়েছে।
নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহম্মেদ শাকিল জানান, বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পেরেছি আমাকে বহিষ্কার করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































