পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা :
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ধানের বীজ ভিজানোর বালতির পানিতে পড়ে সালমান ফারসি (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২১ জুন) সকালে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঢোলভাঙ্গা গোয়ালপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সালমান ওই গ্রামের বাসিন্দা মানিক মিয়ার ছেলে।
মহদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদুল সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে বাড়ির আঙিনায় ধান ভিজানোর জন্য রাখা একটি বড় বালতির পাশে খেলছিল ছোট্ট সালমান। একপর্যায়ে পরিবারের অসাবধানতার সুযোগে সে বালতির পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে নিথর অবস্থায় পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সালমানকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনাকে ‘খুবই মর্মান্তিক’ উল্লেখ করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, ‘শিশুদের নিরাপত্তার বিষয়ে অভিভাবকদের আরও সতর্ক হতে হবে।’
আমন্ত্রণ/এসিজি
পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
জুন ২১, ২০২৫


































