সীমান্ত হেলাল, মনপুরা (ভোলা) প্রতিবেদক :
ভোলা মনপুরায় মাছ শিকার শেষে র্তীরে এসে মেঘনা নদীতে পড়ে মো: মহিউদ্দিন ওরফে মোসলেউদ্দিন (৫০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত মহিউদ্দিন মনপুরা উপজেলার হাজীর হাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার (২০ জুন) দুপুর ১২ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলমপুর রাস্তার মাথা মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয় জেলেরা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৯ জুন) রাতে একটি ট্রলার নিয়ে মহিউদ্দিন মাঝিসহ আরো ৭ জেলে মনপুরা উপজেলার মেঘনা নদীতে মাছ শিকার করতে যান। নদীতে শিকার করা মাছ নিয়ে শুক্রবার (২০ জুন) সকাল ৯ টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের আলমপুর রাস্তার মাথা নামক এলাকায় মেঘনা নদীর তীরে নৌঙর করে ট্রলারটি। পরে সব জেলে নাস্তা খেতে উপরে উঠে গেলেও মহিউদ্দিন উঠেনি। সে পরে আসবে বলে সঙ্গী জেলেদের বলেন। এরপর সঙ্গী জেলেরা ফিরে এসে মহিউদ্দিনকে ট্রলারে দেখতে না পেয়ে খোঁজাখুজি করেন। পরে দুপুর ১২ টার দিকে ওই স্থানে এক জেলের ঠেলা জালে মহিউদ্দিনের লাশ উঠে আসে। সঙ্গী জেলেদের দাবী, মহিউদ্দিন সাঁতার ভালো জানেনা। ট্রলার থেকে নামার সময় নদীতে পড়ে মৃত্যু হয়েছে বলে দাবী করেন তারা।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুরো বিষয়টি তদন্ত করা হচ্ছে।
আমন্ত্রণ/এসিজি


































