প্রদীপ মোহন্ত, বগুড়া প্রতিবেদক :
বগুড়া সদরে এক মুদি দোকান থেকে দুই টন খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে প্রশাসন বুধবার (২০ মার্চ) ইফতারের পর সদর উপজেলার বাঘোপাড়া বন্দরের ফটু মিয়ার দোকান থেকে এই চাল উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভ‚মি) রায়হানুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মুদি দোকানি ফটু মিয়াকে (৫০) আটক করা হয়। তিনি বাঘোপাড়ার এলাকার বাসিন্দা।
বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) রায়হানুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঘোপাড়ায় ফটু মিয়ার মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ওই সময় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ৩৯ বস্তায় প্রায় ২ টন চাল উদ্ধার করা হয়েছে। আর মুদি দোকানি ফটু মিয়া আটক হয়েছেন। এছাড়া স্থানীয় তিন যুবক ইমরান, সিরাজুল ও নূর আলমের এর সঙ্গে সম্পৃক্ততা পাওয়া গেছে। তারা কর্মসূচির উপকারভোগী সাধারণ মানুষদের কাছ থেকে স্বল্প দামে চাল কিনে অধিক দামে বাজারে বিক্রি করতেন। অভিযুক্ত বাকি তিন জন অভিযানের খবর পেয়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, অভিযানে অংশ নেওয়া খাদ্য পরিদর্শক রাশেদুল ইসলাম বাদী হয়ে সদর থানায় অভিযুক্ত চারজনের বিরুদ্ধে মামলা করবেন। উদ্ধার করা চাল খাদ্য গুদামে রাখা হয়েছে। আদালতের নির্দেশে চাল বিতরণের পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

































