বগুড়া ব্যুরো:
বগুড়ার শেরপুর উপজেলায় নারী ও শিশু নির্যাতন মামলার আসামিরা মামলা তুলে নিতে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা সোমবার (১২ মে) শেরপুর থানায় নতুন করে আরও একটি মামলা দায়ের করেছেন।
অপহৃত তরুণী আতিয়া খাতুন (১৮) উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাপুনিয়া কলোনী গ্রামের আমান উল্ল্যাহর মেয়ে। তিনি শেরপুর উপজেলার একটি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
মামলার আসামীরা হলেন, মাহমুদুল হাসান সাব্বির (২১), মোছা. রিক্তা (৪৫), মো. রনি (২৫), মো. রাকিব (১৮), মো. আকাশ (১৮), মোছা. স্বপ্না (৩৫), মো. শামিম (৪০), জরিনা বেগম (৬০)। এছাড়াও অভিযোগে অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রধান আসামি মাহমুদুল হাসান সাব্বির দীর্ঘদিন ধরেই আতিয়াকে উত্ত্যক্ত করছিলেন। এর প্রতিবাদে ২০২৩ সালের ডিসেম্বর মাসে আতিয়ার মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন, যার প্রেক্ষিতে পুলিশ চার্জশিটও জমা দেয়। কিন্তু জামিনে মুক্ত হয়ে অভিযুক্তরা আবারও ওই তরুণী ও তার পরিবারকে মামলা তুলে নিতে চাপ দিতে থাকে।
ঘটনার দিন ১১ মে (শনিবার) সকাল সাড়ে ৯টার দিকে কোচিং শেষে বাসায় ফেরার পথে গাড়িদহ ইউনিয়নের মহিপুর ঢালাই ব্রিজের কাছে ওই তরুণীকে একা পেয়ে আবারও অপহরণ করা হয়। ৫ নম্বর আসামি আকাশ অটোরিকশা নিয়ে গিয়ে আতিয়াকে জোর পূর্বক রিকশা তোলেন। এরপর সাব্বির ও রাকিব রিকশায় উঠে অস্ত্রের ভয় দেখিয়ে আতিয়াকে একটি নির্জন বাড়িতে নিয়ে যায়। সেখানে মুখ বেঁধে আটকে রেখে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। একইসঙ্গে তার মোবাইল ফোন, স্বর্ণালঙ্কার, স্কুলব্যাগ ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
পরবর্তীতে তাকে একটি অজ্ঞাত মাইক্রোবাসে তুলে বিভিন্ন জায়গায় ঘোরানো হয় এবং জোরপূর্বক ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করে। আতিয়া রাজি না হলে তাকে ছুরি দেখিয়ে হত্যার হুমকি দিয়ে কিল-ঘুষি মারে এবং গুরুতর শারীরিক নির্যাতন করে। একপর্যায়ে মহিপুর এলাকার ‘কি নাম প্লাস’ নামক হোটেলের সামনে চালক গাড়ি থামিয়ে দরজা খুলে দিলে আতিয়া চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।
খবর পেয়ে আতিয়ার পরিবার ঘটনাস্থলে গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মামলা তুলে নিতে তরুণীকে অপহরণ, ফের মামলা
মে ১৩, ২০২৫
































