বগুড়া ব্যুরো :
বগুড়ায় বিশ্ব নৃত্য দিবসে এবার “নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক” পেয়েছেন বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক সৈয়দ আশিক ফারুক। বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে বগুড়া জেলা নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে আলোচনা সভা, নৃত্যানুষ্ঠান ও পদক প্রদান অনুষ্ঠানে এ পদক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি জর্জেট বুলবুল ব্যাপারি।
অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী, বুলবুল নৃত্যকলা কেন্দ্র, নৃত্য ছন্দম আর্টস একাডেমি, সোনাতলা সাংস্কৃতিক সংগঠন, পুষ্পাঞ্জলি, ঋদ্ধ সৃজন, নৃত্যনন্দন একাডেমি, স্বপ্নের তরি, ক্রিয়েটিভ কালচারাল একাডেমি ও সজল নৃত্যলয়। ১১ জন নৃত্যপরিচালকের নির্দেশনায় শিল্পীরা দলীয় নৃত্য পরিবেশন করেন। নৃত্যশিল্পে বিশেষ অবদানের জন্য এ বছর “নৃত্যগুরু আব্দুস সামাদ পলাশ স্মৃতি পদক” প্রদান করা হয় বিশিষ্ট নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক সৈয়দ আশিক ফারুককে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মোতাহার হোসেন। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহজাহান আলম রিপন, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, দিশারী ফুডের ব্যবস্থাপনা পরিচালক এম রহমান সাগর, বগুড়া ইয়ুথ কয়্যার সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু এবং আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাহাবুব হাসান সোহাগ।
আমন্ত্রণ/এসিজি
বিশ্ব নৃত্য দিবসে স্মৃতি পদক পেলেন আশিক ফারুক
এপ্রিল ২৯, ২০২৫


































