বগুড়া ব্যুরো :
বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলায় নিশিন্দারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২০ এপ্রিল) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় বগুড়া সদর উপজেলার নুনগোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার শহিদুল ইসলাম সরকার সদর উপজেলার দশটিকা এলাকার আলহাজ্ব বুলু মিয়ার ছেলে। তিনি নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির উপ-পরিদর্শক আরিফুল ইসলাম। ডিবির এই কর্মকর্তা জানান, জুলাই আন্দোলনে আব্দুল মান্নান হত্যা মামলায় এজাহারনামীয় আসামি। সেই মামলায় নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল ইসলাম সরকার দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নিশিন্দারা ইউপি চেয়ারম্যানের পাশাপাশি ওই ইউনিয়নের বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০২২ সালে সেপ্টেম্বর মাসে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে কাজ করায় তাকে বিএনপির পক্ষ থেকে শোকজ ও সাময়িক বহিস্কার করা হয় এবং পরে তিনি নিজেই বিএনপি থেকে পদত্যাগ করেন।
এদিকে বগুড়ায় নিজ বাসা থেকে মতিউর রহমান সোহেল নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর থানা ও ফুলবাড়ি ফাঁড়ির যৌথ অভিযানে শহরের ফুলবাড়ি মধ্যপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহেল শহর যুবলীগের নেতা এবং বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের অনুসারী ছিলেন।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম মঈন উদ্দিন জানান, সদর থানায় দায়ের করা গত ১৬ মার্চের রাজনৈতিক মামলা এজাহারনামীয় আসামি মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
অপরদিকে বগুড়ার নারুলি ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক জানান, গত ১৯ এপ্রিল দিবাগত রাত আড়াইটার দিকে শহরের ভাটকান্দি দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমানকে (২৭) গ্রেফতার করা হয়। তিনি ভাটকান্দি দক্ষিণপাড়ার মোহাম্মদ আলীর ছেলে। রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় জুলাই আন্দোলনে হত্যা মামলায় সাবেক বিএনপি নেতা ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
এপ্রিল ২২, ২০২৫
































