গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিবেদক:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে মো. সাব্বির হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত অভিযোগে মামলার আসামী ইউনুস আলী ও আব্দুল আলীম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে।
আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের কলোনী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সাব্বির উপজেলার দরবস্ত ইউনিনের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলী ছেলে। সে স্থানীয় বিশুবাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। সে গত শনিবার বিকেলে নিখোঁজ হয়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এলাকায় দুর্গন্ধ ছড়াতে থাকলে এলাকাবাসী এর কারণ খুঁজতে থাকেন। এক পর্যায়ে দুপুরে পরিত্যক্ত একটি টয়লেটের কূপের মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ সময় নিহতের স্বজনরা এসে মরদেহটি সাব্বিরের বলে সনাক্ত করেন।
নিহতের বাবা মোহাম্মদ আলী বলেন, গত শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার সাপমারা ইউনিয়নের তরফকামাল গ্রামের আমজাদ আলীর ছেলে ইউনুস আলী (৩৫), রামনাথপুর গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে রবিউল ইসলাম (১৮) ও বিশুবাড়ী গ্রামের মৃত লাল মিয়ার ছেলে মো. আব্দুল আলীম (১৮) বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। এদের সাথে আরো অজ্ঞাতনামা ৪/৫ জন ছিল। পরে একটি গাড়ীতে সাব্বিরকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ব্যাপারে তিনি বাদি হয়ে অভিযুক্তদের নামে থানায় মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন গত ১২ তারিখে এ ব্যাপারে মামলাটি রেকর্ডের পর পুলিশী ততৎপরতা শুরু করা হয়। ঘটনার সাথে জড়িত অভিযোগে ইতোমধ্যে ইউনুস আলী ও আব্দুল আলীম নামের এজাহার নামীয় দুই আসামীকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমন্ত্রণ/এসিজি
গোবিন্দগঞ্জে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত টয়লেটের কূপ থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার : গ্রেপ্তার ২
এপ্রিল ১৫, ২০২৫
































