বগুড়া ব্যুরো :
বগুড়ার শেরপুর উপজেলায় মাহমুদা বেগম (৪০) নামে এক নারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তার মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মাহমুদা বেগম সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার রোকনপুর আলিম মাদ্রাসার সহকারী মৌলভি শিক্ষক ছিলেন। তার স্বামী সোহেল রানা (৪৩) শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসায় প্রভাষক লাইব্রেরিয়ান পদে কর্মরত। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তারা শেরপুর শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লায় আব্দুস সালামের বাড়িতে ভাড়া থাকতেন।
শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার রাত ১২টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে মাহমুদা বেগম পরিবারের সবার অগোচরে ডাইনিং রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। নিহতের ভাই মাহবুবুর রহমান থানায় লিখিত আবেদন করলে পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহত মাহমুদার বাবার বাড়ি শেরপুর উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখইর গ্রামে। তার স্বামীর বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। কর্মসূত্রে এই দম্পতি শেরপুর শহরে বসবাস করতেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আত্মহত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
আমন্ত্রণ/এসিজি
শেরপুরে নারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
এপ্রিল ১২, ২০২৫


































