আমন্ত্রণ প্রতিবেদক :
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র মিছিলে ককটেল হামলার ঘটনায় দায়েরকৃত বিষ্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভকে (২৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
থানা পুশিশ আজ রবিবার (২৩ মার্চ) দুপুর দেড়টার দিকে ফুলবাড়ী পৌরশহরের পার্বতীপুর বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তাকৃত তারিকুজ্জামান শুভ পৌর এলাকার মধ্য গৌরীপাড়া (হাসমিপট্টি) গ্রামের সাবেক ফুটবল খেলোয়াড় শহিদুজ্জামান বাবুর ছেলে। তিনি পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফুটবল একাডেমির পরিচালক।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল বলেন, ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফুলবাড়ী পৌরশহরের ছোট যমুনা নদীর বড় ব্রিজ সংলগ্ন ওয়ান জেনারেল হাসপাতালের সামনে বিএনপি’র মিছিলে ককটেল হামলার ঘটনা ঘটে। সেই ঘটনায় দায়েরকৃত বিষ্ফোরক আইনে মামলা তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে তারিকুজ্জামান শুভকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগের লিফলেট বিতরণ কর্মসূচির প্রতিবাদে গত ৪ ফে্ব্রুয়ারি সন্ধ্যায় উপজেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। সেই মিছিলে ককটেল নিক্ষেপ করে সন্ত্রাসীরা। এতে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ আলী সাহাজুল ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আহম্মেদ চৌধুরী খোকন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম, যুবদল কর্মী নুরুন্নবী বকুলসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।
এ ঘটনায় গত ৬ ফেব্রুয়ারি পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাহেদ ইসলাম বাদী হয়ে ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০-১৫০ জনের নামে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন। সেই মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক তারিকুজ্জামান শুভকে গ্রেপ্তার করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি
ফুলবাড়ীতে বিষ্ফোরক মামলায় পৌর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
মার্চ ২৩, ২০২৫


































