বগুড়া ব্যুরো:
অসুস্থ খালাকে দেখতে এসে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তর হোসেন (২৪)। ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের বিরইল এলাকায় আজ শনিবার(১৫ মার্চ) বেলা সাড়ে ১২ টায় এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৫ মার্চ) বিকাল সোয়া ৫ টায় অন্তর হোসেন মারা যান। অন্তর হোসেনের বাড়ি মাগুরা জেলার শালিকা উপজেলার ছানিয়ার পাড়া গ্রামের। তাঁর বাবা আলম শেখ। কিছুদিন আগে অসুস্থ খালাকে দেখতে আসেন শেরপুরের বিরইল গ্রামে খালার বাড়িতে।
জানা যায়, দৈনিক গণমুক্তি পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার বাবুল হোসাইনের ভাগ্নে এই দুর্ঘটনায় নিহত অন্তর হোসেন।
প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, অন্তর হোসেন শনিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার বিরইল এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহাসড়কের উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন। এরপর স্থানীয় লোকজন মুমূষু অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। এখানেই চিকিৎসাধীন অবস্থায় বিকাল সোয়া ৫ টায় তাঁর মৃত্যু ঘটে।
এ নিয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। যে বাসের ধাক্কায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে সেই বাসটি শনাক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































