বগুড়া ব্যুরো:
বগুড়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রদীপ কুমার রায়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে শহরের চেলোপাড়া কালী মন্দিরের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এস এম মঈনুদ্দীন।
প্রদীপ কুমার রায়ের ছোট ভাই মিলন কুমার বলেন, ‘দুপুরে চেলোপাড়া কালী মন্দিরের পাশের দোকানে প্রতিদিনের মতই আড্ডা দিচ্ছিলেন। এ সময় পুলিশ এসে তাকে বলে আপনার বিরুদ্ধে হত্যা মামলা আছে। তখন ভাই বলে আমার বিরুদ্ধে কোন মামলা নেই। মামলা থাকলে আমি ঘুরে বেড়াতাম না। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। থানায় খোঁজ নিয়ে জেনেছি গত ৫ আগস্টের পর বগুড়ায় হত্যা মামলা হয়েছে। সেই মামলায় অজ্ঞাত অনেককেই আসামী করা হয়েছে। সেই মামলার একটিতে তাকে আসামী করা হয়েছে।’
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দীন জানান, রাজনৈতিক হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলার আসামী তালিকায় নির্দিষ্টভাবে নাম না থাকলেও অজ্ঞাত নামের তালিকায় তাকে গ্রেপ্তার করে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































