সিরাজগঞ্জ সংবাদদাতা :
দেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা শুক্রবার (৩ জানুয়ারি) নিজ এলাকা সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় ব্যাপক গণসংযোগ, পথসভা ও নিজ গ্রামে মতবিনিময় সভা করেন।
সকালে কাজিপুরের সোনামুখী বাজার-সংলগ্ন মাঠে পথসভা, তার নিজ গ্রাম মাইজবাড়ীর ঢেকুরিয়া বাজারে ও লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় ব্যাপক গণসংযোগ ও স্থানীয় জনসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
এ সময় কনকচাঁপা কাজিপুরবাসীর উদ্দেশে বলেন, ‘একজন সংগীতশিল্পী হয়ে মানুষের মন জয় করার চেষ্টা করেছি। আমি বাকি জীবন এলাকাবাসীর সেবা করার মাধ্যমে তাদের মন জয় করতে এবং তাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই।’
তার কর্মসূচিতে এলাকার বিভিন্ন বয়সি মানুষের উপস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন কনকচাঁপা। পাশাপাশি স্থানীয় লোকজন তাদের এলাকার কৃতী সন্তানকে কাছে পেয়ে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে ওঠেন এবং আগামীতে তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান ও সহসভাপতি কাজিপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক তরফদার, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইমরুল কায়েস (সবুর), ইউনিয়ন বিএনপি আহবায়ক মাসুদ তরফদার, কামরুন্নাহার তন্বী প্রমুখ।
কনকচাঁপা বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য পদেও রয়েছেন।
সংগীতাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র কনকচাঁপার পৈতৃক বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের মাইজবাড়ী গ্রামে। তিনি প্রায় ৪০ বছর ধরে সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন। আধুনিক গান, লোকসংগীত, নজরুল সংগীত ও চলচ্চিত্রের গানে ব্যাপক সফলতা অর্জন করেছেন। ৩৫টিরও বেশি একক অ্যালবাম রয়েছে তার। তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র ও মেরিল প্রথম আলো পুরস্কারসহ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার লাভ করেছেন।
ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে সামাজিক ও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন দুস্থ অসহায় মানুষের জন্য। তিনি বৃদ্ধাশ্রম ও পথ শিশুদের স্কুল পরিচালনার সঙ্গে জড়িত রয়েছেন।
আমন্ত্রণ/এসিজি
সেবার মাধ্যমে মানুষের মন জয় করতে চাই: কনকচাঁপা
জানুয়ারি ৪, ২০২৫
































