বগুড়া ব্যুরো :
বগুড়ায় মাটি-চুন, সিমেন্ট দিয়ে সার ও কীটনাশক তৈরির সময় হাতে-নাতে দুই শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পুলিশ ও সেনা সদস্যদের সমন্বয়ে এ অভিযানে নেতৃত্ব দেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শনিবার (১৬ নভেম্বর) রাত ১০টায় বগুড়া শহর তলীর েেগাদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১০০ বস্তা টিএসপি সার, ২২ বস্তা জিংক ক্রোজিং ছাড়াও চমক বোরন, এবি ফুরানসহ নানা প্রকার সার- কীটনাশক এবং এসব পণ্য তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে মাটি-চুন, সিমেন্টের মতো পদার্থ দিয়ে তৈরি এসব সার ও কীটনাশক অন্তত ১৭টি ব্র্যান্ডের মোড়কে বাজারজত করে আসছিলো বেনামী এই প্রতিষ্ঠান। প্রস্তুতকৃত ভেজাল পণ্য ছাড়াও ৩০০ বস্তারও বেশি মাটি, সিমেন্ট, চুনসহ বিভিন্ন কাঁচামাল এবং ভেজাল সার ও কীটনাশক তৈরির নানা প্রকার সরঞ্জাম জব্দ করা হয়। এসময় মালিক পক্ষের কেউ উপস্থিত না থাকলেও সার তৈরির সময় দুই শ্রমিককে আটক করে আইনশৃঙ্খলাবাহিনী। প্রতিষ্ঠানটির কোন বৈধ কাগজপত্র কিংবা সাইনবোর্ড নেই ।
বগুড়া জেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে এম মনছুর রহমান বলেন, ‘এখানে যে উপকরণগুলো পাওয়া গেছে, এগুলো হচ্ছে মাটি, চুন ও সিমেন্ট। এখানে ফসলের উপকারী কোনো উপকরণ এখানে নেই। নকল সার ও কীটনাশক ব্যবহারে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন।’
বগুড়া জেলার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদমান আকিফ বলেন, ‘অভিযান শেষে নকল সার ও কীটনাশক কারখানাটি সিলগালা করা হয়। কারখানা মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। পাশাপাশি ভেজালবিরোধী অভিযান চলমান থাকবে।’
আমন্ত্রণ/এসিজি
বগুড়ায় মাটি-চুন সিমেন্ট দিয়ে তৈরি হচ্ছে ভেজাল সার-কীটনাশক : যৌথবাহিনীর অভিযানে ৪০০ বস্তা জব্দ, দুই শ্রমিক আটক, কারখানা সিলগালা
নভেম্বর ১৯, ২০২৪
































