আমন্ত্রণ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু এবং একজন গুরুতর আহত হয়েছেন।ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার সল্লায়।
নিহতের মধ্যে একজন ট্রাকের চালক, অন্যজন হেলপার। চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম আনোয়ারুল ইসলাম। তিনি ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে। আহত কাভার্ড ভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন এলেঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।
যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসাইন সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক ও উত্তরাঞ্চল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যান মহাসড়কের কালিহাতীর সল্লায় পৌঁছালে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক আনোয়ার ও হেলপার মারা যান। আহত হন কাভার্ড ভ্যান চালক। তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তাদের পরিবারে হস্তান্তর করা হবে।
আমন্ত্রণ/এসিজি
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রাক-কাভার্ড ভ্যানের সংঘর্ষে ট্রাক চালক ও হেলপার নিহত
অক্টোবর ১১, ২০২৪
































