দৈনিক আমন্ত্রণ, কক্সবাজার প্রতিবেদক :
বিদ্রোহীদের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সীমান্ত পুলিশ (বিজিপি) ও সেনাকে দেশে ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার মিয়ানমার থেকে আসা একটি জাহাজে করে তাদের ফেরত পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের জেলা প্রশাসক শাহীন ইমরান।
ফেরত যাওয়াদের মধ্যে ২৬১ জন বিজিপি, ২৩ জন মিয়ানমার সেনাবাহিনীর সদস্য এবং দেশটির চারজন ইমিগ্রেশন কর্মকর্তা রয়েছেন। গত ৩ মার্চ থেকে কয়েক ধাপে মিয়ানমারের এসব নাগরিক পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেন।
জানা গেছে, ওই ২৮৮ জনকে ভোরে ১১টি বাসে করে প্রথমে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ জেটিঘাটে নেওয়া হয়। এর পর সেখান থেকে একটি জাহাজে করে নেওয়া হয় আগেই বঙ্গোপসাগরে অবস্থানরত মিয়ানমার নৌবাহিনীর জাহাজে। দুপুর নাগাদ জাহাজটি সেন্টমার্টিন উপকূল হয়ে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করে।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুরে মিয়ানমার নৌবাহিনীর জাহাজে করে দেশে ফেরে সেখানে বিভিন্ন সময় আটকে পড়া ১৭৩ বাংলাদেশি। তাদের সঙ্গে দেশটির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলও কক্সবাজারে আসে। এই প্রতিনিধি দল পালিয়ে আসা ২৮৭ নাগরিকের পরিচয় শনাক্ত করে তাদের দেশে ফিরিয়ে নিতে সম্মতি দেয়। এ সময় বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার, নাইক্ষ্যংছড়ির জোন কমান্ডারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফেরত পাঠানো হলো মিয়ানমারের ২৮৮ বিজিপি-সেনাকে
এপ্রিল ২৫, ২০২৪
































