দৈনিক আমন্ত্রণ অনলাইন বিনোদন ডেস্ক :
ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও নিরাপত্তার মধ্য দিয়ে বিএফডিসিতে চলছে চলচিত্র শিল্পী সমিতির নির্বাচন। ২০২৪-২০২৬ সনের দ্বিপাক্ষিক এই নির্বাচনকে কেন্দ্র করে পুরো বিএফডিসি ও এর আশেপাশের এলাকাজুড়ে চলছে উৎসবের আমেজ। বিএফডিসি পরিনত হয়েছে চলচিত্র শিল্পীদের মিলন মেলায়। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে, চলবে বিকাল ৫ টা পর্যন্ত। এই প্রথম নির্বাচনে আচরণবিধি রক্ষার্থে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম ও নিরাপত্তার জন্য ব্যাপকসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
নির্বাচনে ২১টি পদে দুটি প্যানেলে ৪২ জন এবং স্বতন্ত্র পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে একটি প্যানেলে সভাপতি পদে মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার এবং অন্য প্যানেলে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে মনোয়ার হোসেন ডিপজল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন খোরশেদ আলম খসরু এবং সদস্য হিসেবে আছেন এ জে রানা ও বিএইচ নিশান। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫৭০ জন। পুরো নির্বাচন নিয়ে এখন পর্যন্ত সন্তোষ প্রকাশ করছেন উভয় প্যানেলের প্রার্থীরা।


































