ঠাকুরগাঁও সংবাদদাতা :
ঠাকুরগাঁও পৌরসভার সদ্য সাবেক মেয়র আওয়ামী মহিলা লীগের কেন্দ্রীয় নেতা আঞ্জুমান আরা বেগম বন্যা পঞ্চগড় জেলার বোদা এলাকায় আত্মীয়ের বাসা থেকে হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে বোদা থানার থানাপাড়ার সাবেক মেয়রের আত্মীয় শাহজাহানের বাসা থেকে বন্যাকে গ্রেফতার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ পাহাড়ায় এরপর তাঁকে ঠাকুরগাঁও সদর থানা হাজতে স্থানান্তরিত করা হয়েছে। ঠাকুরগাঁও সদর থানা সুত্র জানায়, সদর উপজেলার আরাজি পাইক পাড়া গ্রামের জনৈক জাকির হোসেনের করা ২১/০৮/২৪ তারিখের একটা হত্যা মামলা(মামলা নম্বর ১৮/২০২৪)য় তাঁকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ (বৃহস্পতিবার) দিনের বেলার যে কোনো সময়ে সদ্য অপসারিত এই মেয়রকে আদালতে আনা হবে।
ঘটনাটি জানিয়ে বন্যার স্মামী সাংবাদিক সামসুজ্জোহা বাবলু টেলিফোনে জানান, তাঁর স্ত্রী অসুস্থ এবং ইতিপূর্বে তিনি কোনো মামলার আসামি ছিলেন বলে তাঁর জানা নেই। তাঁর একটা প্রতিবন্ধী সন্তান রয়েছে। তিনি যেন আইনগতভাবে সুবিচার পান এটাই তাঁর পরিবার আশা করে।
এদিকে সামাজিক প্রচার মাধ্যমে পৌর এলাকার অনেকেই বন্যাকে ভোটচুরির মাধ্যমে অনির্বাচিত ও অবৈধ ভাবে মেয়রের চেয়ার দখলকারী হিসেবে উল্লেখ করেন।
আমন্ত্রণ/এসিজি


































