বগুড়া ব্যুরো:
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, দক্ষ, সৎ ও মানবিক প্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আজ রোববার (১৯ এপ্রিল) সকাল ১০টায় বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) হলরুমে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের ৯৮তম, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ২০৯তম, বিপিএটিসির ৭৯তম এবং বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ২০৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
পল্লী উন্নয়ন একাডেমি, বগুড়ার মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো. আব্দুল মজিদ প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি। এ সময় একাডেমির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী আরেও বলেন, স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি। এসব খাতে কর্মরত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও পেশাগত মান উন্নয়নে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি নবীন কর্মকর্তাদের সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ নিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।
আমন্ত্রণ/এজি
স্বাস্থ্য ও শিক্ষা খাত দেশের উন্নয়নের অন্যতম চালিকাশক্তি -বগুড়ায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
এপ্রিল ১৯, ২০২৬
































