বগুড়া ব্যুরো:
বগুড়ার সোনাতলা পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার প্যানেল চেয়ারম্যান মশিউর রহমান রানাকে পুলিশ গ্রেফতার করেছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে সোনাতলা পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে।
আজ বুধবার (২২ জানয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মশিউর রহমান রানা ওই এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে সোনাতলা উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা রয়েছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ২০০৮ সালে মশিউর রহমান রানার নেতৃত্বে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকিরের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। বিগত ১৬ বছর তার নেতৃত্বে একটি বাহিনী এলাকায় নানা ধরনের অপরাধ কর্মকান্ড সংঘটিত করার পাশাপাশি টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম সংঘটিত করে আসলেও কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস রাখেনি।
উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে সোনাতলায় তার নেতৃত্বে সংশ্লিষ্ট এলাকায় নানা অপকর্ম সংঘটিত হতো।
সোনাতলা থানার ওসি মিলাদুন নবী বলেন, মশিউর রহমান রানার বিরুদ্ধে সোনাতলা বিএনপি অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা ছাড়াও তার বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আরো একটি মামলা রয়েছে।
আমন্ত্রণ/এসিজি


































