সৈয়দপুর সংবাদদাতা :
রংপুর বিভাগীয় কমিশনার নীলফামারীর সৈয়দপুর পৌরসভা কার্যালয় পরিদর্শন করে সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে পৌর কর, টোল ও এলআর ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতির মাধ্যমে মাস্টার রোলে অতিরিক্ত কর্মচারী নিয়োগ, বিভিন্ন প্রকল্পে লুটপাটসহ নানা ধরণের দুর্নীতি-অনিয়ম করা হয়েছে বলে প্রমান পেয়েছেন।
চলতি বছরের ৩০ জুন বিভাগীয় কমিশনারের কার্যালয় প্রকাশিত পরিদর্শন প্রতিবেদন সূত্রে পৌর মেয়রের এসব দূর্ণীতি ও অনিয়মের তথ্য জানা গেছে।
প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো: জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করে পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সাথে কথা বলেন তিনি। এছাড়া বিভিন্ন রেজিষ্টার খাতা পর্যবেক্ষন করলে পৌর মেয়রের অনিয়ম ও দুর্ণীতির চিত্র ধরা পড়ে।
পৌরসভায় মোট মঞ্জুরীকৃত ১৫৮ পদের বিপরীতে মাত্র ২৯ জন কর্মরত থাকলেও শূণ্য ১৫৬টি পদ পূরণে ব্যবস্থা গ্রহণ না করে মাস্টাররোলে ৫শ’ জনকে নিয়োগ দেন। নিয়মিত পৌরকর আদায় করা হলেও তা’ রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসের পর থেকে টোল আদায় রেজিস্টারে কোন হিসেব রাখা হয়নি।
মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ ছাড়াও এলআর ফান্ডের কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তাও আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।
এ ব্যাপারে জানতে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহানের মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়ায় তার মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আমন্ত্রণ/এসিজি
সৈয়দপুর পৌরসভা সাবেক মেয়রের অনিয়ম ও দুর্নীতির সত্যতা মিলেছে রংপুর বিভাগীয় কমিশনারের পরিদর্শনে
সেপ্টেম্বর ২৬, ২০২৪


































