চন্দ্রনাথ গুপ্ত ও আমিনুল ইসলাম :
পবিত্র ঈদের আনন্দ পরিবারের সঙ্গে ভাগাভাগি করতে শত বিড়ম্বনার মধ্যেও দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন এলাকার কর্মজীবীরা এসেছিলেন নিজ নিজ বাড়ীতে। ঈদের আনন্দ শেষে একই সাথে কর্মস্থলের ছুটি শেষে নিজ নিজ কর্মস্থল এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে আরও বেশি বিড়ম্বনায় পড়তে হচ্ছে মানুষজনকে।
একদিকে গণপরিবহণ দূর পাল্লার কোচ আর টিকিট সংকটসহ ট্রেনের টিকিট পাওয়া তো সোনার হরিণের চেয়ের বেশি কিছু হয়ে গেছে। বাধ্য হয়ে কর্মজীবী মানুষগুলো চাকরি রক্ষায় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অথবা ট্রাকের করে ফিরছেন কর্মস্থলে।
আজ শনিবার (১৪ জুন) ও গত শুক্রবার (১৩ জুন) সকাল ও সন্ধ্যায় ফুলবাড়ী রেলস্টেশনে ও দূরপাল্লার কোচ কাউন্টারগুলোতে গিয়ে দেখা যায়, পরিবার পরিজন নিয়ে কর্মস্থলে ফেরা মানুষের চরম বিড়ম্বনায় পড়তে দেখা যায়। বাস ও রেলের টিকিট না পেয়ে বাধ্য হয়ে অনেকে টিকিট ছাড়াই ট্রেনের কামড়ায়, ছাদে, অনেকে লোকাল বাসে অথবা ট্রাকে করে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।
ফুলবাড়ী রেলস্টেশনের স্টেশন মাস্টার আনন্দ কুমার বলৈন, ফুলবাড়ী হয়ে খুলনা ও ঢাকা রুটে ১১ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। এরমধ্যে চিলাহাটি থেকে খুলনা গামী দুই জোড়া, চিলাহাটি গামী থেকে রাজশাহী গামী তিন জোড়া, চিলাহাটি থেকে ঢাকা গামী এক জোড়া, পঞ্চগড় থেকে ঢাকা গামী তিন জোড়া এবং কুঁড়িগ্রাম থেকে ঢাকা গামী এক জোড়া ট্রেন রয়েছে। এরমধ্যে পঞ্চগড় ও কুঁড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ফুলবাড়ীতে বিরতি নেই। অথচ ফুলবাড়ী রেল স্টেশনটি সংলগ্ন বড়পুকুরিয়া কয়লাখনি, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, মধ্যপাড়া পাথরখনি, বিনোদন কেন্দ্র স্বপ্নপূরী অবস্থিত। এসব প্রতিষ্ঠানের সার্বিক যোগাযোগ ফুলবাড়ী হয়ে থাকে। এজন্য ট্রেন যোগাযোগ হিসেবে প্রতিষ্ঠানগুলো কর্মকর্তা ও কর্মচারিরা ফুলবাড়ী রেলস্টেশনকে ব্যবহার করে থাকেন। অথচ গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে পঞ্চগড় ও কুঁড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি না থাকায় তাদের ভিন্ন পথে চলাচল করতে হচ্ছে।
অপরদিকে দূরপাল্লার কোচ কাউন্টারগুলোতে দেখা যায় উপচেপড়া কর্মস্থল ফেরা মানুষের ভিড়। বিগত বছরগুলোতে বাড়তি ভাড়ার আশায় বাস মালিকরা বাড়তি বাস চলাচল করালেও এ বছর এর ভিন্ন চিত্র দেখা গেছে। ফলে বাসের সংকটের কারণেও পড়তে হয়েছে চরম বিড়ম্বনায় এসব মানুষকে পরিবার পরিজন নিয়ে।
আমন্ত্রণ/এসিজি
শেষ মুহূর্তে ফুলবাড়ীতে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের বিড়ম্বনা
জুন ১৪, ২০২৫
































